কালিয়ায় ১২ বছরের শিশু ধর্ষণের শিকার

নড়াইলের কালিয়ায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বুধবার সকালে উপজেলার পঞ্চগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশের পাটক্ষেতে এ ধর্ষণের ঘটনা ঘটেছে। শিশুটি ঐ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত ওই ছাত্রী সকালে নিজ বিদ্যালয়ে যায়। সকাল ১১টার দিকে বিদ্যালয়ের পাশে খাবার কিনতে যায়। তখন স্থানীয় নয়া মাউলী গ্রামের বখাটে ছবেদ মোল্যা (২৫) পূর্ব পরিচয়ের (প্রতিবেশী মামা পরিচয়ে) সূত্র ধরে তাকে ফুসলিয়ে বিদ্যালয়ের পাশের পাটক্ষেতে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়।

এরপর ওই ছাত্রী দৌড়ে বিদ্যালয়ের কাছে এসে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

ধর্ষণের অভিযোগ পেয়ে দুপুরে নড়াগাতি থানার এস আই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শিশুটি বর্তমানে পুলিশি হেফাজতে আছে।

পঞ্চগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‌'আমি ঘটনাটি শুনেছি। তবে ওই সময় কাজে ছিলাম তাই ভালো জানি না।'

আরও পড়ুন: আশুগঞ্জে গরুচোর ও ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত ২

নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবির বলেন, ‌'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আমিও ঘটনাস্থলে যাচ্ছি (বিকাল সাড়ে ৫টা)। অভিযুক্ত ধর্ষককে আটকের চেষ্টা চলছে।'

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু