কালীগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ  

গাজীপুরের কালীগঞ্জে এস এম ইমদাদুল হক আকলু (৬০) নামের এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হোসেন। এর আগে একই দিন সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নাসু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত এস এম ইমদাদুল হক আকলু মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। 

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মারুফ হোসেন বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 

মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক নয়ন বাগমার জানান, এসএম ইমদাদুল হক সকালে চা খাওয়ার উদ্দেশ্যে নাসু মার্কেট এলাকায় যান। তিনি পৌঁছার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের লোক দলবল নিয়ে এসে লাঠিসোঁটা দিয়ে অতর্কিত হামলা করে। ওই হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।