আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, ১৭টি কারখানায় ছুটি 

শিল্পাঞ্চল আশুলিয়ায় অনেকটাই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তবে কিছু কারখানায় শ্রমিকদের দাবি পূরণ না হওয়ায় এখনো কাজে যোগদান করেনি তারা। এতে ছুটি ঘোষণা করেছে ১৭টি কারখানা। 

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের জিরানী বাজার, নরসিংহপুর, জামগড়া, বাইপাইল, পলাশবাড়ী এলাকা ঘুরে এসব তথ্য জানা গেছে। তবে কারখানা ছুটির বিষয়টি নিশ্চিত করেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। 

ছবি: ইত্তেফাক

এদিকে যৌথ বাহিনীর অভিযানে রাতে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, আশুলিয়ার জামগড়া এলাকার মোহাম্মদ আহসান উল্লাহর ছেলে রিসান ভুইয়া (২২) এবং একই এলাকার মোহাম্মদ বাচ্চুর ছেলে মিঠুন হাসান (২৩)।

শনিবারও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার সামনে পাহারা বসিয়ে ভেতরে কাজ অব্যাহত রেখেছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া পোশাক কারখানার সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, শিল্প পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। 

সরেজমিনে আশুলিয়ার জিরানী বাজার, গোহাইলবাড়ি, শ্রীপুর, জামগড়া, বাইপাইল, নরসিংহপুর ও পলাশবাড়ি এলাকা ঘুরে দেখা যায়, উৎপাদনমুখী অধিকাংশ কারখানার সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কারখানার শ্রমিকরা বাইরে পাহারা দিচ্ছেন। আর ভেতরে কারখানায় উৎপাদন অব্যাহত রেখেছেন। 

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবেই কাজে যোগ দিয়েছিল। কিন্তু কিছু কারখানার মালিকদের সঙ্গে শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে বনিবনা না হওয়ায় শ্রমিকরা কাজ করেনি। পরে সেসব কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনায় আশপাশের বেশকিছু কারখানা জানতে পেরে তারাও ছুটি দেয়। এখন পর্যন্ত আশুলিয়ায় ১৭টির মত কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে আজ কোথাও অসন্তোষের ঘটনা ঘটেনি।

পুলিশ সুপার আরও জানান, পুরো আশুলিয়া শিল্পাঞ্চলে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, শিল্প পুলিশ ও র‍্যাব সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।