যুক্তরাষ্ট্রের অধ্যাপক বব হপকিন্সের বয়স আশি বছর। এই বয়সেও তিনি ঘোড়া দৌড়ান, টেনিস খেলেন, পাঁচটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, আবার লেখালেখিও করেন। কর্মমুখর এ মানুষটিকে নিয়েই তথ্যচিত্র ‘মাইটি এইটি’ নির্মাণ করেছেন বাংলাদেশি নির্মাতা নোমান রবিন।
৪৩ মিনিট দৈর্ঘ্যের তথ্যচিত্রটি নিয়ে নির্মাতা ও প্রযোজক নোমান রবিন ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘আমরা প্রায় তিন বছর ধরে ববের কর্মকাণ্ড অনুসরণ করেছি। তার জীবন মনোমুগ্ধকর এবং অনুপ্রেরণায় পূর্ণ। তিনি একটি অভাবনীয় ব্যক্তিত্বের অধিকারী, তার উপর নির্মিত চলচ্চিত্র লক্ষ লক্ষ তরুণদের ইতিবাচক হতে সাহায্য করবে।’
‘মাইটি এইটি’ আগামী ১১ অক্টোবর ১৪তম আন্তর্জাতিক ম্যানহাটন ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী রাতে প্রদর্শিত হবে।
নোমান রবিন জানান, হপকিন্সের জীবনের নানা অধ্যায় নিয়ে ৪৩ মিনিট দৈর্ঘ্যের ‘মাইটি এইটি’ তথ্যচিত্রটি গোরিলা গোল্ড ফিল্মস ও ট্রিপল নাইন গ্লোবালের যৌথ অংশীদারিত্বে নির্মিত হয়েছে। সহ-প্রযোজক ছিলেন লিনিয়া আহমেদ কিকি, নির্বাহী প্রযোজক বব হুইসন্যান্ট। তথ্যচিত্রটি সম্পাদনা করেছেন ক্রিস্টোফার ক্লিনটন কুবি, সংগীত আয়োজন করেছেন প্রত্যয় খান।
তথ্যচিত্রটির অন্যতম প্রযোজক নায়লা বারি বলেন, ‘ববের দানশীলতার সংজ্ঞা একেবারে নতুন, আধুনিক, যা বিশ্বব্যাপী তরুণ প্রজন্মকে দাতা হতে উদ্বুদ্ধ করবে।’
বিভিন্ন কাজে অবদানের জন্য ওই অনুষ্ঠানে বব হপকিন্সকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেবে ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ।
তথ্যচিত্রটির মুক্তি নিয়ে পরিচালক রবিন বলেন, ‘বিশ্বের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল, শিক্ষা প্রতিষ্ঠান, ফিল্ম ক্লাব এবং নন-প্রফিট অর্গানাইজেশনে দেখানোর চেষ্টা করা হচ্ছে। মূল উদ্দেশ্য হল তরুণদের এই মানুষটির গল্প শুনিয়ে ভালো কাজে অনুপ্রাণিত করা।’