ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের বাগুয়া গ্রামের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শানিবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই থেকেই লাপাত্তা হয়ে যান গফরগাঁও আসনের প্রভাবশালী এমপি গোলন্দাজ বাবেল। আওয়ামী লীগ সরকারের ওপর ক্ষোভের কারণে তখন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বাবেল গোলন্দাজের বাগুয়া এলাকায় আলিসান পৈতৃক বাড়িটি অক্ষত ছিল।
স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে শত শত লোক সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির দুটি গেট মাটি কাটার বেকু মেশিন দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর-অগ্নিসংযোগ করে। এ ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিশাল এলাকা নিয়ে অবস্থিত পুরো বাড়ি জুড়ে দেয়াল ভেঙে ফেলা হয়েছে। ভাঙা হয়েছে পরপর তিনটি গেট। ভিতরে বেশ কয়েকটি টিনের ঘর ছাড়াও দালানে ভাঙার পর আগুন ধরিয়ে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, রাত তিনটার পর থেকেই বেশ কয়েকটি ভেকু দিয়ে দেয়াল ভাঙা হয়। পরে হাজার হাজার বিক্ষুব্ধ লোকজন বাড়িতে প্রবেশ করে। এক পর্যায়ে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আছে। বতর্মানে পরিস্থিতি শান্ত রয়েছে।