রাজধানীতে বৃদ্ধের লাশ উদ্ধার

রাজধানীর কলাবাগানের ভূতের গলি এলাকার একটি বাসা থেকে মোস্তফা কামাল উদ্দিন আহমেদ (৭৫) নামে এক বৃদ্ধের পচনশীল মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ খবর পেয়ে ভূতের গলির নর্থ রোডের একটি বাড়ির নীচ তলার একটি রুম থেকে কামাল উদ্দিনের পচনশীল মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বুলবুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির নিজের ফ্ল্যাটে একাই থাকতেন। তার স্ত্রী অনেক আগে মারা গেছে। আজ সন্ধ্যার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং গেট ভেঙে ভিতরে প্রবেশ করে মরদেহটি উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, তার সন্তানদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।