‘কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভাঙিছি’

‘কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভাঙিছি’ বলে বক্তব্য দিয়েছেন কুষ্টিয়া জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ। তার বক্তব্যের চার মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা তৈরি হয়েছে। 

গত বুধবার বিকেলে সদর উপজেলার খাজানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় চাঁদাবাজি রোধে চালকল মালিক ও স্থানীয়দের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন আব্দুল মাজেদ। 

ভিডিওতে মাজেদকে বলতে শোনা যায়, ‘আমার তিনটা ছেলে, আমার পরিবার। আপনাদেরই ভাই, আপনাদেরই চাচি। সে নিজেও এই আন্দোলন-সংগ্রামে যুক্ত হয়েছে। আপনারা আপনাদের ছেলেপেলেদের মারেও ঠেকাতে পারেন নাই। রক্তে যখন টান দেয়, তখন জনগণের স্রোত ঠেকানো যায় না। তাই জনগণের স্রোতে হাসিনা চলে গেছে।’

যুবদল নেতা আব্দুল মাজেদ বলেন, ‘আমি আপনাদের বলব, আপনারা এমন কিছু করবেন না, যাতে কুষ্টিয়ায় আমাদের দম বন্ধ না হয়ে যায়। ক্ষমতা চিরস্থায়ী না। জনগণ ভোট না দিলে বিএনপি সরকার গঠন করতে পারবে না। কিন্তু আমাদের দম যেন বন্ধ না হয়।’

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন প্রধান জানান, যুবদল নেতা মাজেদের বক্তব্যটি নেতিবাচক ছিল না। ছাত্র-জনতার উপর হামলাকারী পুলিশকে প্রতিহত করতে থানায় হামলা করা হয়েছিল, তিনি এমন বক্তব্যই দিয়েছেন। তবে বক্তব্য প্রদানের ক্ষেত্রে তার ভুল-ভ্রান্তি থাকতে পারে বলেও তিনি জানান। 

এ বিষয়ে যুবদল নেতা মাজেদের বক্তব্য জানতে তাকে মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি।