দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে শ্রান্তি বিনোদনের ছুটি ও বাজেট পাসের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টার্ফ নার্স ও মিড ওয়াইফগণ সম্মিলিতভাবে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দাখিল করেন। পাশাপাশি উপজেলা ছাত্র-জনতা বরাবর মৌখিক অভিযোগ জানালে ছাত্র-জনতার পক্ষ থেকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নাসির উদ্দিন বাদী হয়ে আরও একটি অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত ব্যক্তিকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে প্রধান সহকারী কাম হিসাব রক্ষক রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি ঘুষ দাবি ও গ্রহণের বিষয়টি অস্বীকার করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. সালাউদ্দীন আহমেদ খানের সঙ্গে কথা হয় দৈনিক ইত্তেফাকের। তিনি জানান, অভিযোগকারীদের কাছ থেকে আমি লিখিত ভাবে অঙ্গীকার করেছি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিভাগীয় ও ঘুষের টাকা উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করবো।