স্বামীকে হত্যা করে ঘরের মধ্যেই লাশ মাটিচাপা দিলো স্ত্রী

নড়াইলে নিখোঁজের এক সপ্তাহ পরে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের কাইজদিয়া গ্রামের কৃষক শিমুল গাজীর নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় পুলিশ সোমবার (৯ সেপ্টেম্বর) শিমুল গাজীর স্ত্রী পলি বেগম ও প্রতিবেশী আজাদ শেখকে আটক করেছে। 
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় শিমুল হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের ভাই ইমরুল ইসলাম।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেখহাটি ইউনিয়নের কাইজদাহ গ্রামের মৃত আবদুল্লাহ গাজীর পূত্র কৃষক শিমুল গাজী দ্বিতীয় স্ত্রী পলি বেগমকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। গত ২ সেপ্টেম্বর তিনি নিঁখোজ হন। শিমুলের ছোট ভাই ইমরুল ইসলাম অনেক খোঁজাখুজি করে ভাইয়ের সন্ধান না পেয়ে গত শনিবার স্থানীয় শেখহাটি পুলিশ ফাঁড়িতে জিডি করেন। 

সোমবার ভাইয়ের ঘরের এক কোণায় নতুন মাটি দেখতে পেয়ে ইমরুলের সন্দেহ হলে বিষয়টি পুলিশ ফাঁড়িতে গিয়ে জানান। পুলিশ ঘরের মাটি খুঁড়লে বেরিয়ে আসে শিমুল গাজীর লাশ।

মামলার বাদী নিহত শিমুলের ভাই ইমরুল ইসলাম বলেন, ‘তার ভাবি পলি বেগমসহ অজ্ঞাত ৩/৪জনের নামে মামলা করা হয়েছে।’ তিনি তার ভাই হত্যার সাথে জড়িতদের বিচার দাবি করেন।

নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে শিমুলের স্ত্রী পলি বেগম দাম্পত্য জীবনে কলহের কারণে স্বামীকে শ্বাসরোধে হত্যা করে নিজ ঘরের মধ্যে বস্তা ও পলিথিন দিয়ে মুড়িয়ে মাটি চাপা দেওয়ার কথা স্বীকার করেছে। হত্যার সময় সঙ্গে কেউ ছিল কি না এ বিষয়ে পলি বেগম এখনও মুখ খুলেননি। আটককৃত শিমুলের বন্ধু আজাদ শেখকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’