মেজাজ হারিয়ে ক্যামেরায় চড় দিলেন মার্টিনেজ 

আসন্ন ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ গত পরশু রাতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-কলম্বিয়া। ম্যাচটি মাঠে গড়ানোর আগেই ধারণা করা হচ্ছিল-এই ম্যাচটি হবে বেশ রোমাঞ্চকর। লড়াই হবে জমজমাট। তার থেকে বড় কথা স্বাগতিক কলম্বিয়ার জন্য ছিল ঘরের মাঠে কোপা আমেরিকার ফাইনাল হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ। আর এসব কিছু ম্যাচটির শুরু থেকেই দেখা গিয়েছিল। 

আর্জেন্টিনার জাতীয় সংগীত চলাকালীন কলম্বিয়ান সমর্থকরা গ্যালারি থেকে 'দুয়ো ধ্বনি' দেওয়া থেকে শুরু করে ফুটবলারদের আক্রমণাত্মক মনোভাব পাশাপাশি পুরো ম্যাচে রেফারির বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও উঠেছে অভিযোগ। আর এমন লড়াইয়ের ম্যাচেই হেরেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। গেল জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম শিরোপা নিজেদের ঘরে নিয়েছিল আর্জেন্টিনা। প্রায় দুই মাস পর আবার মুখোমুখি দুই দল। এবার নিজেদের ঘরের মাঠে আর্জেন্টিনাকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে কলম্বিয়া। আর্জেন্টিনা হেরেছে ২-১ গোলের ব্যবধানে। 

সবশেষ গেল নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা। এরপর ১২ ম্যাচ খেলে সবগুলোতেই জয়ের ধারা অব্যাহত রেখে উড়ছিল ২২ বিশ্বকাপ জয়ীরা। তাদের মাটিতে নামিয়ে এনেছে কলম্বিয়া। ম্যাচে রেফারি শেষ বাঁশি বাজাতেই কলম্বিয়ান ফুটবলারদের উল্লাস দেখেই বোঝা যাচ্ছিল তারা এই প্রতিশোধ নেওয়ার জন্য কতটা অপেক্ষায় ছিল। প্রতিশোধের ম্যাচে কলম্বিয়ানদের জয়ের নায়ক ছিলেন হামেস রদ্রিগেজ। ম্যাচের ২৫ মিনিটে হামেসের কর্নার থেকে হেডে ইয়েরসন মোসকেরা। এছাড়া পেনাল্টি থেকে জয়সূচক গোলটিও করেন হামেস। অবশ্য আর্জেন্টিনা যে গোলটি পেয়েছে সেখানেও জড়িয়ে আছে হামেসের নাম। 

ম্যাচের ৪৮ মিনিটে তার ভুল পাসেই গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার নিকোলাস গঞ্জালেজ। পুরো ম্যাচ জুড়ে কলম্বিয়ার বিপক্ষে ৫২ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ১৩টি শট নিয়ে য় মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা। বিপরীতে, স্বাগতিকদের ৯ শটের ৫টি লক্ষ্যে ছিল। এদিকে ম্যাচ শেষে রেফারিং নিয়ে অভিযোগ তোলেন আর্জেন্টাইন মধ্য মাঠের তারকা লিয়ান্দ্রো পারাদেস। ম্যাচের ৫৬তম মিনিটে পেনাল্টি পায় কলম্বিয়া। নিজেদের বক্সে নিকোলাস ওতামেন্দির চ্যালেঞ্জে দানিয়েল মুনোজ পড়ে গেলে পেনাল্টির আবেদন করেন কলম্বিয়ার ফুটবলাররা। পর ভিএআর মনিটর দেখে পেনাল্টির বাঁশি বাজান চিলিয়ান রেফারি পিয়েরো মাজা। যা নিয়ে মাঠে দুই দলের ফুটবলাররা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। 

ম্যাচ শেষে পারাদেস দাবি করেন ঐটা পেনাল্টি ছিল না বলেন, 'আমার মতে ওটা পেনাল্টি ছিল না। নিকো সামনে থেকে আটকাতে গিয়েছিল। অদ্ভুত বিষয় হচ্ছে, প্রথমার্ধে হুলিয়ানের ঘটনার সময়ে তারা চেক করেনি।' এছাড়া ম্যাচ পর হারের স্বাদ নিয়ে মেজাজ হারিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচ শেষে মার্টিনেজ যখন কলম্বিয়ার কয়েক জন ফুটবলারের সঙ্গে সৌজন্যমূলকভাবে হাত মিলিয়ে ফিরছিলেন। তখনই তার সামনে ক্যামেরা দেখলে সেটাকে থাপ্পড় মেরে বসেন, তার ছোঁয়ায় লাইভে থাকা ক্যামেরার মুখ চলে যায় অন্যদিকে।

ম্যাচের ৬০ মিনিটে দ্বিতীয় গোল হজমের পর মাঠে ছন্নছাড়া হয়ে পড়ে আর্জেন্টিনা। যা কোচ লিওনেল স্কালোনি একদমই পছন্দ করেননি। ম্যাচ শেষে এ প্রসঙ্গে বলেন, 'কলম্বিয়াকে অভিনন্দন। আমার মতে, সার্বিক পরিস্থিতির বিচারে আমরা ভালো ম্যাচ খেলেছি। আমরা হয়তো জিততেও পারতাম। আমরা হারতে পছন্দ করি না। পেনাল্টির পর আমরা বলতে গেলে খেলিইনি। এটিই আমাকে বিরক্ত করেছে। আমি এমনটাই দেখেছি। আমরা সব সময় বলের পেছনে পেছনে থাকি, ওদের ডি বক্সে কার্যকর থাকি, যেটা আজকে করতে পারিনি। এই বিষয়গুলো ঠিক করতে হবে, উন্নতি করতে হবে।'