হাওর পাড়ি দিয়ে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকা ডুবে একজনের মৃত্যু ও একজন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার হলদিপুর-ভুরাখালীর মাঝামাঝি নলুয়ার হাওরে এ ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম (৭৫) দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামের প্রয়াত আব্দুল কাদিরের স্ত্রী এবং নিখোঁজ মল্লিকা বেগম (৪৫) তাদের নাতবউ। মল্লিকা শারিরীক প্রতিবন্ধী। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
জগদল ইউনিয়ন পরিষদের সদস্য রুমন মিয়া চৌধুরী বলেন, একই পরিবারের ৬ জন ডিঙি নৌকাযোগে জগন্নাথপুর থেকে দিরাই আসার পথে নলুয়ার হাওরে প্রবল বাতাস আর ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার মাঝিসহ ৫ জন সাঁতার কেটে পাড়ে উঠেন। বাকি দুইজন পানিতে ডুবে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে প্রতিবন্ধী এক নারী নিখোঁজ রয়েছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ওই বৃদ্ধার স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ প্রতিবন্ধী নারীকে খুঁজতে পুলিশ কাজ করছে।