গাজীপুরে অর্ধশত বছরের পুরাতন শাহ সুফি ফসিহ পাগলার মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) জুমার নামাজের পর গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মাজারটিতে হামলা চালানো হয়।
জানা গেছে, মহানগরীর পোড়াবাড়ি, সালনা, জোলারপাড়, ভাওরাইদসহ আশপাশের এলাকার হাজার হাজার মানুষ পোড়াবাড়ি এলাকায় জড়ো হয়ে ওই মাজারে ব্যাপক ভাংচুর চালায়। এক পর্যায়ে ভেকু দিয়ে মাজারের ছাদসহ অন্যান্য স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী মাজারের বিভিন্ন ঘরে আগুন ধরিয়ে দেয়। হামলায় মাজারের গেট, দান বাক্স, সিন্দুক, কয়েকটি ঘর, দোকানপাট, রান্নাঘরসহ বিভিন্ন আসবাবপত্রে ভাঙচুর ও ক্ষতিসাধন হয়। এ সময় মাজারের খাদেম মনু মিয়া আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরীর পোড়াপাড়ি এলাকায় শাহ সুফি ফসিহ পাগলার মাজারে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। প্রতিবছর একাধিকবার এখানে ওরশ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে তার ভক্তরা মাজারে আসেন। মাজার প্রাঙ্গণে বসে জমজমাট মেলা ও জুয়ার আসর। মেলায় গান বাজনার পাশাপাশি চলতো গাঁজা সেবন।
স্থানীয়রা বাঁধা দিতে গেলে মাজার কর্তৃপক্ষের সঙ্গে সংঘাত সৃষ্টি হতো। মাজারের নামে এখানে ব্যবসা খুলে বসেছিল একটি চক্র। তাই কাউলতিয়া এলাকার বিভিন্ন গ্রাম থেকে মুসল্লিরা এসে এ মাজারটি ভেঙে গুড়িয়ে দেয়।
এ ব্যাপারে সদর থাানর ওসি মুস্তাফিজুর রহমান বলেন, কারা মাজারটি ভেঙে দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।