আশুলিয়ায় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

কিশোর গ্যাংয়ের সদস্যরা ছোট ভাইকে আটকে রেখেছে শুনে বড় ভাই তাকে ছাড়াতে যায়। সেখানে গিয়ে কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ হারাতে হয় বড় ভাইকে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর কাঠালবাগান বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

শনিবার দুপুরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত সুলাইমান (২০) নীলফামারীর ডিমলা থানার দক্ষিণ সুন্দরখাতা গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি আশুলিয়ার ডেন্ডাবর কাঠালবাগান এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থেকে একটি পোশাক  কারখানায় কাজ করতেন। 

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে কয়েকজন মিলে কাঠালবাগান এলাকার বালুর মাঠে খেলা করছিল। সেখানে সেলিম নামেরও একজন ছিল। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সেলিমকে মারধর করে আটকে রাখে কয়েকজন। বিষয়টি জানতে পেরে সেলিমের বড় ভাই সুলাইমান সেখানে আসেন। এ সময় বাগ্‌বিতন্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে সুলাইমানকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের বাবা আব্দুল লতিফ বলেন, সন্ধ্যায় ছোট ছেলে সেলিমকে মারধর করেছে এলাকার কিশোর গ্যাং সদস্য আরিফ, রিয়ান, সজীব, জীবন, সুহান, রাজন, জিতু পারভেজ, ইয়াছিন, তামিম, কাউছার,  আমিন,ও অপূর্বসহ আরও বেশ কয়েকজন। খবর পেয়ে বড় ছেলে সুলাইমান সেখানে যায়। এতে ক্ষিপ্ত হয়ে তারা বড় ছেলে সুলাইমানের ওপরও হামলা চালায়। হামলায় সে মারা গেছে। 

আশুলিয়া থানার এস আই গিয়াস উদ্দিন জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।