কাশফুলের সঙ্গে ছবি তুলে ফেরার পথে লাশ হলো দুই বন্ধু

কিশোরগঞ্জের ভৈরবে কাশফুলের সঙ্গে ছবি তুলে ফেরার পথে সুফল ও মুন্না নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুফল (১৭) ভৈরবপুর উত্তর পাড়া দুর্জয় মোড় বাসস্ট্যান্ড এলাকার স্বপন মিয়ার ছেলে ও মুন্না (১৬) পৌর শহরের গাছতলা ঘাট এলাকার মো. আতাউল্লাহর ছেলে।

জানা গেছে, মোটরসাইকেলে করে তিন বন্ধু উপজেলার বাশগাড়ি এলাকায় কাশফুল বনে ছবি তুলতে যান। ছবি তোলার পর বাড়ির ফেরার পথে বিকাল সাড়ে ৫টার দিকে শম্ভুপর পাক্কারমাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে সড়কে যানচলাচল স্বাভাবিক করি। ঘাতক ট্রাক ও সিএনজি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।