ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার লুট হওয়া একটি নাইন এমএম (তুরাশ) পিস্তল উদ্ধার করেছে পুলিশ। উত্তরা ৬ নম্বর সেক্টরের নওয়াব হাবিবুল্লাহ স্কুল সংলগ্ন ২১ নম্বর সড়কের ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল পিস্তলটি।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান। তিনি বলেন, লুট হওয়া অস্ত্রটি ড্রেনে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করেছি।
ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে থানা থেকে অনেক অস্ত্রই লুট হয়ে যায়। সেনাবাহিনীর সহযোগিতায় সে সময় কিছু অস্ত্র উদ্ধার হলেও এখনও অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ নিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।