ট্রাফিক নিয়ন্ত্রণে বৃহন্নলা নিয়োগের সিদ্ধান্ত তেলেঙ্গানায়

ভারতের তেলেঙ্গানা রাজ্য সরকার তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। রেবন্ত রেড্ডির নেতৃত্বাধীন সরকার এবার তৃতীয় লিঙ্গের মানুষদের ট্রাফিক নিয়ন্ত্রণের চাকরিতে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে, যা চিরাচরিত ধারা ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। খবর ইন্ডিয়া টুডের।

কংগ্রেস সরকারের এই পদক্ষেপ সব মহলে প্রশংসিত হচ্ছে। 

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন, সবার সমান অধিকারকে গুরুত্ব দিয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় তৃতীয় লিঙ্গের মানুষদের বেছে নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিযুক্ত করা হবে। হায়দ্রাবাদ ট্রাফিক পুলিশ তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করবে।

সরকারের মতে, এই উদ্যোগের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা হবে। ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

সরকারি সূত্র জানায়, নিয়োগকৃত তৃতীয় লিঙ্গের কর্মীদের জন্য বিশেষ পোশাক তৈরি করা হবে এবং তারা ৬০ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। চাকরির নিয়ম অনুযায়ী তারা বেতনসহ সব রকম সুবিধা পাবেন। প্রশিক্ষণের পর হায়দ্রাবাদে তাদের নিয়োগ দেওয়া হবে, এবং ধীরে ধীরে পুরো রাজ্যে এই কার্যক্রম প্রসারিত করা হবে। কংগ্রেস সরকারের দাবি, এই পদক্ষেপ শুধু ভারতে নয়, গোটা বিশ্বে নজিরবিহীন।