ঈশ্বরদীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘দেশে গণতন্ত্র নেই, স্বৈরশাসন চলছে। বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে সরকার। জেল-জুলম, হত্যা, নির্যাতন করে বিএনপিকে ধবংস করা যাবে না।’
শেখ হাসিনার ট্রেনে হামলার মামলায় সাজা প্রদানের পর বুধবার পাবনা জেলা বিএনপি আয়োজিত ‘সহানুভূতি সভায়’প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা-কর্মী ও স্বজনদের উদ্দেশে এসব কথা বলেন তিনি
আরও পড়ুন: রাষ্ট্রপতির কাছে বিএনপি’র আবেদন
নজরুল ইসলাম খান আরো বলেন, ‘এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে রয়েছে বিএনপি। বিনা অপরাধে এদেশের মানুষকে ফাঁসিতে ঝুলতে হবে, এসব দেখার জন্যই কি জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছিলাম?’
পাবনা জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু সিদ্দিকের পরিচালনায় ‘সহানুভূতি সভায়’আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহজাহান আলী, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন সৈকত, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাসান জাফির তুহিন প্রমূখ।
পাবনা জেলা, ঈশ্বরদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাজাপ্রাপ্ত বিএনপির নেতা-কর্মীদের স্বজনরা এসময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআরএম