কেন্দ্রীয় ও পাবনা জেলা যুবদলের নেতাদের বহনকারী একটি মাইক্রোবাসে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের হামলায় মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
যুবদল নেতারা জানান, দৃর্বৃত্তদের হামলায় গাড়ির সামনে ও জানালার গ্লাস ভেঙে যায়। মাইক্রোবাসে থাকা ১০ যুবদল নেতা-কর্মীর মধ্যে পাঁচজন আহত হন।
আরও পড়ুন: জীবননগরে ফেন্সিডিলসহ দুই নারী আটক
যুবদলের পাবনা জেলা সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু বলেন, আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনে হামলার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন। ঢাকা কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসান মামুন ঈশ্বরদীতে যাচ্ছিলেন। পথিমধ্যে নেতাদের বহনকারী মাইক্রোবাস ঈশ্বরদী পৌর এলাকার রেলগেট এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত অতর্কিতে ভাবে লাঠিসোটা ও ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়িতে হামলা চালায়। তবে কারা হামলা চালিয়েছে তাৎক্ষণিক তাদের চেনা যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, একটি গাড়ি ভাংচুরের কথা শুনেছি, তবে কে বা কারা হামলা করেছে তা জানা যায়নি। এবিষয়ে সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেননি।
এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান এই হামলা প্রসঙ্গে সাহাপুরের প্রতিবাদ সভায় যুবলীগের নেতা-কর্মীদের দ্বারা হামলা সংঘঠিত হয়েছে বলে অভিযোগ করেন।
তিনি বলেন, ‘দণ্ডপ্রাপ্তদের পরিবারের সাথে দেখা করতে যাওয়ার সময় যুবদলের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। এতে ৫ জন আহত হন।’
এব্যাপারে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল বলেন, যুবলীগের কোন নেতা-কর্মী কোথায়ও কোন হামলা করেনি। বরাবরের মতো বিএনপি মিথ্যাচার করছে।
ইত্তেফাক/এমআরএম