দুনিয়া কাঁপানো ফুটবলার শিলাচি মারা গেছেন

১৯৯০ সালে ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করেছিল ইতালি।  নিজ দেশে ইতালি তৃতীয় স্থান পেলেও দলের ফরোয়ার্ড সালভাতোর শিলাচি ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এবং সেরা ফুটবলার হয়েছিলেন। এর আগে কখনো বিশ্বকাপ না খেলা ৯০ বিশ্বকাপে বদলি হিসেবে খেলতে নেমে ফুটবল দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন শিলাচি। সেই তারকা ফুটবলার শিলাচি পৃথিবী ছেড়ে চলে গেলেন ৫৯ বছর বয়সে। ইন্টার মিলান ক্লাবের তরফে বুধবার এই ঘোষণা করা হয়েছে।

ডাকনাম টোটো। বিশ্বের সর্বত্র সেই নামেই পরিচিত ছিলেন তিনি। সাধারণ ফুটবলারদের থেকে একটু বেশি বয়সেই খ্যাতি পেয়েছেন। ইতালির নিচের ডিভিশনের ক্লাব মেসিনা থেকে শিলাচির উত্থান। ১৯৮৮-৮৯ মৌসুমে সর্বপ্রথম নজর কেড়েছিলেন। ইটালির দ্বিতীয় ডিভিশনে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।

এরপর তাকে কিনেছিল জুভেন্তাস। ইটালীয় দলটির হয়ে তিনি ১৯৮৯-৯০ মৌসুমে কোপ্পা ইটালিয়া এবং উয়েফা কাপ জিতেছিল। ১৯৯০ বিশ্বকাপে সেমিফাইনালে আর্জেন্টিনা এবং তৃতীয় স্থানের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে গোল করেছিলেন শিলাচি। নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন তিনি। ইটালির প্রথম ফুটবলার হিসেবে জাপানের  জে লিগে খেলতে গিয়েছিলেন শিলাচি। ১৯৯৯ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন।