দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক বাংলাদেশের প্রতিভাবান সুরকার-সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী জয় শাহরিয়ারের। জয়ের সুর ও সংগীতায়োজনে বেশ কয়েকটি গান করেছেন নচিকেতা। এবার নচিকেতার সঙ্গে যৌথ অ্যালবাম প্রকাশ করলেন জয় শাহরিয়ার। নাম ‘তথাগত’। আজব রেকর্ডস ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে অ্যালবামটি।
অ্যালবাম প্রসঙ্গে জয় শাহরিয়ার ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘নচিদা আমার এবং আমাদের প্রজন্মের স্বপ্নের শিল্পীদের একজন। তার গান শুনে আমরা বেড়ে উঠেছি। ওনার সঙ্গে দ্বৈত অ্যালবাম করতে পারা আমার স্বপ্নপূরণ।’
জয় আরো বলেন, ‘নচিকেতা একটি প্রতিষ্ঠান। তার সঙ্গে এই কয়বছরের জার্নিটা আমার কাছে অনেকটা শিক্ষাসফরের মতো। কাজ করতে করতে দাদার থেকে অনেক কিছু শিখেছি। আট বছর পর আবার দ্বৈত অ্যালবাম করলাম। আশা করি আমাদের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’
নচিকেতার সঙ্গে যৌথ অ্যালবাম তার জীবনের সেরা ঘটনা উল্লেখ করে এই কন্ঠশিল্পী বলেন, ‘এই সুখ-স্মৃতিকে ধারণ করে বাকি জীবন সংগীত চর্চা করে যাবো। এটা আমার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।’
তথাগত অ্যালবামটি সাজানো হয়েছে ৭টি গান দিয়ে। তিনটা করে গান গেয়েছেন নচিকেতা ও জয়। এ ছাড়া ‘আরেকটিবার বাঁচো’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দুজনেই। গানগুলো লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, এশরার লতিফ, তানবীর সাজিব, সালমা সুলতানা ও মারুফ হাসান। সব গানের সুর করেছেন জয় শাহরিয়ার। সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার, মহান ফাহিম, আমিন জামায়েল তিলক। শব্দ সংমিশ্রণে ছিলেন আমজাদ হোসেন বাপ্পী ও নাবিদ সালেহীন নিলয়।
আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলের পাশাপাশি তথাগত অ্যালবামটি শোনা যাচ্ছে স্পটিফাই, আমাজন, আইটিউনস ও স্বাধীন মিউজিকে।