ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জান্নাতুল ফেরদৌস (১১) নামে অপহরণের শিকার এক শিশুসহ অপহরণকারী সন্দেহে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বৃহস্পতিবার সকালে আখাউড়া পৌরশহরের দেবগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
উদ্ধার হওয়া শিশুটি ঢাকার উত্তরা আজিমপুর এলাকার টিটু মিয়ার মেয়ে। সে ঢাকার নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী। আটক যুবক হলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তোলাকান্দি গ্রামের জালাল মিয়ার পুত্র জামাল মিয়া (২৫)।
আখাউড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস নামে ওই শিশুকে নিয়ে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দেবগ্রাম এলাকা থেকে তাকে সন্দেহবশত ওই যুবককে আটক করে স্থানীয় লোকজন। ওই যুবকের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই শিশুসহ ওই যুবককে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: ব্রাহ্মণাবড়িয়ার বিজয়নগরে শিশু অপহরণকালে মহিলা আটক
আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী বলেন, মেয়েটি বুধবার দুপুরে বাসা থেকে হারিয়ে যায়। মেয়ের অভিভাবক আজমপুর থানায় জিডি করেছেন। বৃহস্পতিবার সকালে মেয়েটিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পেয়ে জামাল মিয়া তাকে তার নানার বাড়ি কসবা উপজেলার গোপীনাথপুর নিয়ে যাচ্ছিলো। এ সময় আখাউড়ার স্থানীয় লোকজন তাকে আটক করে। শিশুটিকে তার অভিভাবকের নিকট দেওয়া হবে।
ইত্তেফাক/নূহু