প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে জড়িয়ে ধর্ম উপদেষ্টার বরাত দিয়ে ইত্তেফাকের সূত্র উল্লেখ করে একটি ভুল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। একই সঙ্গে ইত্তেফাকে প্রচারিত ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের অন্য একটি নিউজের পোস্টার এডিট করে ছড়িয়ে দেওয়া হয়েছে।
যেখানে লেখা হয়েছে, ‘রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ড. ইউনূসের এখন দাড়ি রাখা উচিত।’
কিন্তু ইত্তেফাক ধর্ম উপদেষ্টাকে নিয়ে এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। ইত্তেফাকের লোগো সংবলিত যে পোস্টার সামাজিকমাধ্যমে ছড়ানো হয়েছে সেটিও ইত্তেফাকে প্রকাশিত নয়।
ইত্তেফাকের অন্য কোনো সংবাদে প্রকাশিত পোস্টার ডাউনলোড করে সেটিতে লেখা পরিবর্তন করা হয়েছে। যার সঙ্গে ইত্তেফাকের কোনো সম্পর্ক নেই। শুধু তাই নয়, নকল পোস্টারটি লক্ষ্য করলে দেখা যাবে ধর্ম উপদেষ্টার পেছনে পূজামণ্ডপের ছবি ব্যাকগ্রাউন্ড করা হয়েছে।
ধর্ম উপদেষ্টাকে নিয়ে ইত্তেফাক ডিজিটালে ১১ সেপ্টেম্বর ১২টা ২৩ মিনিটে একটি সংবাদ প্রকাশিত হয়। যার শিরোনাম ছিল ‘দুর্গাপূজার নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার, পানিতে ডুবুরি থাকবে : ধর্ম উপদেষ্টা’ । এই নিউজে পূজায় নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আলোচনা থাকায় ধর্মউপদেষ্টার ছবির পেছনে পূজামণ্ডপের ছবি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়েছে।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সেই পূজা নির্বিঘ্নে করতে ধর্ম উপদেষ্টা নিরাপত্তা জোরদারের বিষয়ে কথা বলেন। গত ১০ সেপ্টেম্বর সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজার আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের ধর্ম বিষয়ক উপদেষ্টা জানান, পূজা কমিটি যদি চায় তবে মাদ্রাসা ছাত্ররা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সম্মত আছে। শুধু তাই নয়, দুর্গাপূজার সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে। দশমীর দিন ডুবুরি থাকবে। দুর্গাপূজার অনুদান ৩ থেকে ৪ কোটি টাকা করে দিয়েছেন প্রধান উপদেষ্টা।
সঠিক খবর জানুন : দুর্গাপূজার নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার, পানিতে ডুবুরি থাকবে : ধর্ম উপদেষ্টা