খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুইজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর বাইপাস সড়কের আড়ংঘাটা শহীদের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আরিফুল ইসলাম (১৫) ও ইনসান (২৫)। নিহত আরিফুল দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের হান্নানের ছেলে ও ইনসান একই গ্রামের ইমারত মোড়লের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুর ১২টা ৫মিনিটের দিকে খুলনা থেকে একটি নছিমন যশোরের দিকে যাচ্ছিল। নছিমনটি বাইপাস সড়কের আড়ংঘাটার শহীদের মোড়ে পৌঁছালে দ্রুতগামী কোনো পরিবহনের সঙ্গে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই নছিমনে থাকা ইনসান নিহত ও আরিফুল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আরিফুলকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনিও সেখানে মারা যান।

আরও পড়ুন: আখাউড়ায় অপহৃত শিশু উদ্ধার, সন্দেহভাজন অপহরণকারী আটক

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইনসান নিহত হন। আহত আরিফুলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহত দুজন নছিমনের যাত্রী ছিলেন। তারা পোনা মাছের ব্যবসায়ী। তবে কিসের সঙ্গে দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন তা এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে কয়েকটি মাছের হাড়ি উদ্ধার ও দুটি নছিমন আটক করা হয়েছে বলে জানান ওসি।

ইত্তেফাক/নূহু