রংপুরে নিখোঁজের তিন দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

রংপুর মহানগরীর বাবুপাড়া এলাকায় নিখোঁজের তিন দিন পর এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় গামছা পেঁচানো ছিলো। নিহত রেশমি বেগম(২৬) দুই সন্তানের জননী।বৃহস্পতিবার সকালে তার বাড়ির পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় মৃতের স্বামী আব্দুল খালেক জুম্মান ও তার বড় ভাই বান্ঠাসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, মৃতের গলায় গামছা পেঁচানো ছিল। তার চোখে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রংপুর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর হারুনর রশিদ জানান, মৃত রেশমি দুই সন্তানের জননী। রেশমির বাবার বাড়ি দিনাজপুরে। বিগত ৫/৬ বছর আগে রংপুর নগরীর বাবুপাড়া এলাকার মৃত আঃ কাবেল মিয়ার পুত্র মোঃ আঃ খালেক জুম্মনের সঙ্গে তার বিয়ে হয়।  রেশমি নিখোঁজের পর তার স্বামী জুম্মন মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি জিডি করেছিলেন।

আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে আমরা আরও নিবিড়ভাবে তদন্ত করছি। পোস্টমর্টেম প্রতিবেদন এলেই বাকিটা বোঝা যাবে।’

ইত্তেফাক/নূহু