তরুণদের মধ্য দিয়ে জনগণের ইচ্ছা যদি রাজনৈতিক দলগুলো পূরণ করতে না পারে, তাহলে তরুণদের অবশ্যই একটা নতুন রাজনৈতিক দল প্রয়োজন বলে মনে করেন কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। তিনি বলেন, তরুণদের মধ্য দিয়ে জনগণের যে ইচ্ছা প্রকাশিত হয়েছে, তা যদি রাজনৈতিক দলগুলো মেটাতে পারে, তাহলে তরুণদের আলাদা রাজনৈতিক দল লাগবে না। আর যদি ধারণ করতে (রাজনৈতিক দলগুলো) না পারে, তাহলে তরুণদের অবশ্যই একটা নতুন রাজনৈতিক দল লাগবে।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস আয়োজিত ‘বাংলাদেশের ছাত্র বিপ্লব: ২০০৭-২৪: শিক্ষাব্যবস্থা ও রাষ্ট্র সংস্কার করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ফরহাদ মজহার বলেন, গণঅভ্যুত্থান একটা জায়গায় গিয়ে ঠেকে গিয়েছে। এই গণঅভ্যুত্থানকে পূর্ণ করার জন্য অবশ্যই তরুণদের একটা নতুন রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন আছে। এটাই দাঁড়াবে, আমরা চাই বা না চাই।
তরুণদের উদ্দেশে ফরহাদ মজহার বলেন, একবার দল করবো, একবার করবো না- এই বিভ্রান্তিতে ভোগা ভুল। যদি দল করতে চান, অবশ্যই দল করবেন। কেন দল করবেন, সেটা সঠিকভাবে জনগণকে বোঝাতে হবে।
ফরহাদ মজহার বলেন, সরকার নির্বাচন ও গণপরিষদ নির্বাচন মূল তর্কের বিষয়। রাজনৈতিক দলগুলো যদি গণপরিষদ নির্বাচন চায়, তাহলে তাদের লক্ষ্য হবে নতুন বাংলাদেশ গঠন, পুরোনো সংবিধান ফেলে দেওয়া। অন্তর্বর্তী সরকার যদি সেটা করতে ব্যর্থ হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর ওপর সেই কর্তব্য বর্তাবে।
নির্বাচন দেশের জন্য কোনো সমাধান নয় বলেও মনে করেন ফরহাদ মজহার। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ফ্যাসিস্ট সিস্টেমকে রেখে এখানে-ওখানে দু-একটা সংস্কার করে আবারও আওয়ামী লীগের মতো ক্ষমতায় আসতে চাচ্ছেন। এটা কিন্তু তরুণেরা গ্রহণ করবেন না।