চু‌রি হওয়া ২০ টন রড আওয়ামী লীগ নেতার গোডাউনে উদ্ধার

নারায়ণগঞ্জ থে‌কে চু‌রি হওয়া ট্রাকবোঝাই রড টাঙ্গাইলের ভুঞাপুর থে‌কে উদ্ধার করেছে পু‌লিশ। খবর পে‌য়ে চুরির রড কেনা ডিলার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল ক‌রিম পা‌লি‌য়ে‌ছে। প‌রে তার গোডাউন থে‌কে রড ও ট্রাক উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়‌নের সিরাজকা‌ন্দি বাজারের মেসার্স করিম এন্টারপ্রাইজের গোডাউন থে‌কে ট্রাক‌বোঝাই রড উদ্ধার করা হয়।

জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে নারায়ণগ‌ঞ্জের সোনারগাঁও এলাকার সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস্ (মদনপুর ইউনিট) থেকে ট্রাক ভর্তি ২০ টন রড নিয়ে চালক মো. হাসান (২৭) কেরানীগঞ্জের হাসানাবাদ ট্রের্ডাসের উদ্দেশ্যে রওনা হয়। এরপর আর ট্রাকভর্তি রড ও চালককে পাওয়া যায়নি। পরে ওই দিন নারায়নগঞ্জের সোনারগাঁও থানায় একটি অভিযোগ করে প্রতিষ্ঠানটি।

সালাম স্টীল মিলস্ এর জেনারেল ম্যানেজার শফিকুল আলম পলাশ বলেন, ১৮ তারিখ রাতে মিল থেকে ২০ টন রড নিয়ে একটি ট্রাক বের হয়ে যায়। পরে চালক, ট্রাক ও রডের কোনো খবর পাওয়া না পেয়ে থানায় অভিযোগ করি।

তিনি বলেন, বৃহস্পতিবার ওই ট্রাকে থাকা একজন হেলপার অফিসে এসে জানায়— রডগুলো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি বাজার এলাকায় একটি দোকানে রাখা হয়েছে। ট্রাকটিও আছে সেখানে। পরে আমরা থানার পুলিশের সহায়তায় সেখানে যাই এবং ট্রাক ও রড উদ্ধার করা হয়। ত‌বে খবর পে‌য়ে ডিলার ক‌রিম পা‌লি‌য়ে যায়। 

সোনারগাঁও থানার এসআই সাদ্দাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করি। গোপন সংবা‌দে জান‌তে পা‌রি রড ও ট্রাকটি কোথায় হ‌দিস। পরে চোরচক্রের মূলহোতা মের্সাস করিম এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আব্দ‌ুল করিমের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ২০ টন রড জব্দ করা হয়। এ ঘটনায় করিম পলাতক রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।