জাবিতে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় এক শিক্ষার্থী গ্রেপ্তার

গণপিটুনিতে ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার মৃত্যুতে হওয়া মামলায় মাহমুদুল হাসান রায়হান নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর জেলার জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান রায়হান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী। তার বাড়ি গাজীপুরের দক্ষিণ সালনার আরালিয়া গ্ৰামে। তিনি মামলার এজাহারভুক্ত তিনি নম্বর আসামী। এর আগে, রায়হানকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, হত্যাকাণ্ডের পরপর শিক্ষার্থী মাহমুদুল হাসান রায়হান তার ফুফুর বাড়িতে আত্মগোপন করেছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে আটক করা হয়। আশুলিয়া থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে। তার সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

এর আগে, গণপিটুনিতে শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় গত ২০ সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।