নাজিরপুরে উপজেলা প্রকৌশলীর বরখাস্তের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার এলজিইডি অধিদপ্তরের প্রকৌশলী জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে ঠিকাদারি কাজে অনিয়ম, ঘুষ, দুর্নীতি ও সাংবাদিকদের হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাজিরপুর উপজেলা পরিষদের গেটের সামনে কয়েকশত মানুষ এ মানবনন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।

Nazirpur (Pirojpur) News Pic (2)

এ সময় বক্তব্য রাখেন, নাজিরপুর সদর বাজারের ব্যবসায়ী মো. রিয়াজ উদ্দিন, মিল্টন মাঝি, মো. শহীদুল ইসলাম খান, চঞ্চল খানসহ অনেকে। মানববন্ধনে স্মারকলিপি পাঠ করেন ঠিকাদার সরদার সাফায়েত হোসেন শাহীন। 

এ সময় বক্তারা বলেন, স্বজনপ্রীতি করে ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া, ঠিকাদারের সঙ্গে চুক্তিতে কাজ করা, ইজিপিতে টেন্ডার না দিয়ে গোপনে দরপত্র আহবান করে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে জাকিরের বিরুদ্ধে।  

তারা আরও বলেন, দুই সাংবাদিককে রুমে তালাবন্ধ করে সাবেক উপজেলা চেয়ারম্যানকে ডেকে নিয়ে পিস্তল ঠেকেয়ে হত্যার হুমকি দিয়েছেন তিনি। ঘুষ-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ করেছে ওই প্রকৌশলী। তাকে চাকরি থেকে বরখাস্তসহ আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলক এ মানবন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।