চলতি লা লিগায় বেশ ছন্দে রয়েছে বার্সেলোনা। এখনো পর্যন্ত হার কিংবা ড্রয়ের মুখ দেখেনি কাতালানরা। ছয় ম্যাচের ছয়টিতেই জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। রোববার (২২ সেপ্টেম্বর) ভিয়ারিয়ালের জালে গোল উৎসব করেছে বার্সা।
ভিয়ারিয়ালের মাঠেই তাদেরকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। ম্যাচের প্রথমার্ধে জোড়া গোল করে কাতালানদের এগিয়ে দেন রবার্ট লেভানডোভস্কি। ম্যাচের ২০ ও ৩৫ মিনিটে গোল করেন পোলিশ তারকা।
তবে ম্যাচের ৩৮ মিনিটে আয়োজ পেরেজের গোলে ব্যবধান কমায় ভিয়ারিয়াল। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ওপর আরও চড়াও হয় সফরকারীরা। ম্যাচের ৫৮ মিনিটে পাবলো তোরের গোলে ব্যবধানটা ৩-১ করে বার্সা।
এরপর ম্যাচের ৭৪ ও ৮৩ মিনিটে জোড়া গোল করেন রাফিনিয়া। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এই জয়ে ৬ ম্যাচে ৬ জয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ১৮। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।