চলো হই বিজ্ঞানী!

বন্ধুরা, কেমন আছ সবাই? আশা করি ভালো। আবার চলে এসেছি মজার একটি সায়েন্স এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলতে। আজকে খুব সহজ একটি এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলব। তো চলো শুরু করা যাক—

কোক ও লবণের প্রতিক্রিয়া

খুবই সহজ এই পরীক্ষাটি করতে তোমাদের লাগবে হাফ লিটার বা যে কোনো পরিমাণ কোক, আর লাগবে লবণ। কোকের বোতলের ছিপি খুলতে গিয়ে অনেক সময় বোতলের মুখ উপচে কোক পড়ে যায়। তাই বোতলের ছিপি খুলতে হয় খুব ধীরে অথবা খুব দ্রুত। এর মাঝামাঝি হলে কোক আর ভেতরের কার্বন ডাই-অক্সাইড গ্যাস বেরিয়ে এসে গায়ে পড়ে। পরীক্ষাটি করতে প্রথমে কোকের বোতল আস্তে করে খোল যেন কোক না পড়ে। এবার একসঙ্গে বেশকিছু পরিমাণ লবণ ঢেলে দাও কোকের ভেতর। দেখবে কোকের বোতল উপচে সজোরে কোক বের হয়ে আসছে।

কারণ : কোক, পেপসি বা কোমল পানীয়গুলোতে কার্বন ডাই-অক্সাইড মেশানো থাকে। বোতল খুললে যা বেরিয়ে যায়। কিন্তু তারপরও কোকের মধ্যে কার্বন ডাই-অক্সাইড থেকে যায়। লবণ ঢেলে দিলে কার্বন ডাই-অক্সাইড-এর দ্রাব্যতা (পানিতে মিশে থাকার ক্ষমতা) হ্রাস পায় তাই একসঙ্গে সব কার্বন ডাই-অক্সাইড বাতাসে বের হয়ে যাওয়ার সময় কোক উপচে পড়ে। তোমরা কিন্তু অন্য ড্রিংক্স দিয়েও এটা করতে পারো। তবে কোক নষ্ট করার কারণে আম্মু বকা দিলে কিন্তু আমি দায়ী নই।