সোনালি আলোর নক্ষত্র

 

আমি ঘন অন্ধকারের গর্ভে বেড়ে

ওঠা এক সোনালি আলোর নক্ষত্র!

তোমাদের আকীর্ণ ধূসর দৃষ্টি আর

আমার মাঝে শত আলোকবর্ষ দূরত্ব

মহাকালের সকল নীরবতা আর ক্ষয় আমার শরীরের

ভাঁজে ভাঁজে

দিনের আলোয় ঘুমিয়ে থাকা এক নিশাচর আলোর

কুসুম আমি,

সে আলোর গভীর থেকে গভীরে রহস্যদের বাস

আমি রাত্রির বুকে জেগে থাকা এক নিঃসঙ্গ নক্ষত্র।

আমার পৃথিবীতে কখনো বসন্ত হাওয়ার দল নামে না,

নেই প্রেম অথবা প্রাণের মুখরতা!

তবুও তোমাদের প্রেম অথবা কল্পকাব্যে

মিশে থাকি আমি নিবিড় আবেগে!

আমি শূন্যতার দুয়ারে দাঁড়িয়ে থাকা

এক সোনালি আলোর নক্ষত্র।