হবিগঞ্জে খোয়াই নদীর বিভিন্নস্থানে ভাঙ্গন দেখা দেওয়ায় হুমকির সম্মুখীন হয়েছে ফসলের জমি, বাঁধ ও জনপদ। বর্ষাকালে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়িয়া ঢল নেমে আসলে নদীটি রুদ্রমূর্তি ধারণ করে। নদীর দুই তীর উপচে তখন প্রবাহিত হয় নদীর পানি। নদীর পাড়ের বাসিন্দাদের মধ্যে দেখা দেয় আতঙ্ক। এতে নদী গর্ভে ঘর-বাড়ি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দেয়। ঝুঁকি নিয়ে বসবাস করছেন নদী পাড়ের বাসিন্দারা।
বর্তমানে নদীর পানি বিপৎসীমার নিচে নেমে গেলেও খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্নস্থানে দেখা দিয়েছে ভাঙ্গন। চলতি মৌসুমে সদর উপজেলার লুকড়া ইউনিয়নের জালালাবাদ গ্রামের নিকটে খোয়াই বাঁধে একটি বড় ভাঙ্গন সৃষ্টি হওয়ায় নদীতে পানি বৃদ্ধি পেলেই ভাঙ্গন দিয়ে বন্যার পানি প্রবেশ করে প্লাবিত করে বিভিন্ন জনপদ। বানিয়াচং উপজেলার রাধানগর গ্রামের কয়েকটি ঘরবাড়ি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়াও বাঁধের আলাপুর রাঙ্গের গাঁও, পূর্ব ভাদৈ, বড়াইল, হাঁসের গাঁও, রাজা বাজার এলাকার কোনো কোনো স্থানে সাম্প্রতিক বন্যায় বাঁধে ভাঙ্গন সৃষ্টি হওয়া ছাড়াও বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। চুনারুঘাটের বাল্লা সীমান্তে প্রবেশ করা খোয়াই নদী জেলার প্রান্ত সীমানা পর্যন্ত বয়ে গেছে। চলতি মৌসুমে নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ১৯৫ সেন্টিমিটার উপর দিয়ে ও প্রবাহিত হয়। এতে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধে বেশ ক্ষয় ক্ষতি হয়।
জানা যায়, খোয়াই নদীর পার্শ্ববর্তী তেঘরিয়া, পূর্ব ভাদৈ, আলাপুর, মাছুলিয়া ও রাধা নগর গ্রাম বেশ ঝুঁকির মধ্যে পড়েছে। তেঘরিয়া এলাকার আব্দাল মিয়া বলেন, ‘বন্যার সময় পানি খোয়াই নদীর বিপত্সীমার উপর দিয়ে প্রবাহিত হলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এখন নদীর পানি বিপৎসীমার নিচে চলে গেলেও দেখা দিয়েছে ভাঙ্গন।
পূর্ব ভাদৈ গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘খোয়াই নদী থেকে বিভিন্ন সময় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হয়। এতে প্রতিবছরই নদীতে ভাঙ্গন সৃষ্টি হচ্ছে। নদীর ভাঙ্গন ঠেকাতে বালু উত্তোলন বন্ধ করা প্রয়োজন’। রাধা নগর গ্রামের বাসিন্দা আব্দুল হাসিম বলেন, ‘খোয়াই নদীতে পাহাড়িয়া ঢল নিমে আসলেই আমাদের গ্রামের ঘর-বাড়ি ও রাস্তা ঘাট পানিতে তলিয়ে যায়। এ বছরও কয়েকটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ গুলোর কয়েকটিতে মেরামতের কাজ চলছে। শিগগিরই অন্যান্য বাঁধের মেরামত কাজ শুরু হবে।