বিশ্বের বিভিন্ন অঙ্গনের তারকাদের ভেতর গত ১ বছরের সবচেয়ে দামি তারকা মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট। ১ বছরে তিনি আয় করেছেন বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪৭ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকা। এর বেশিরভাগই এসেছে ২৯ বছর বয়সী এই তারকার ‘রেপুটেশন’ অ্যালবাম ও কনসার্ট থেকে। বিশেষ করে অ্যালবামটিই তাঁর আয় বাড়িয়েছে।
মার্কিন ব্যবসাসংক্রান্ত ম্যাগাজিন ফোর্বস প্রতিবছরই বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০০ জন তারকার তালিকা প্রকাশ করে। সেই তালিকা মতে, দ্বিতীয় নম্বরে রয়েছেন রিয়েলেটি শো তারকা ও সৌন্দর্য প্রসাধনী ব্যবসায়ী কাইলি জেনারের নাম। তিনি ১ হাজার ৪৩১ কোটি ৯৪ লাখ টাকা আয় করেছেন গত ১ বছরে। ফোর্বসের দৃষ্টিতে সবচেয়ে কম বয়সী স্বাবলম্বী কোটিপতির মুকুট ওঠে ২১ বছর বয়সী এই তারকার মাথায়। কাইলির দুলাভাই কানইয়ে ওয়েস্ট জায়গা করে নিয়েছেন তিন নম্বরে।
এদিকে বলিউড তারকাদের ভেতর গতবছর সবচেয়ে বেশি আয় করেছেন অক্ষয় কুমার। তাঁর অবস্থান ৩৩তম। ১ বছরে তিনি আয় করেছেন ৫৪৭ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকা। তাঁর আয়ের বেশিরভাগই এসেছে সিনেমার সম্মানী ও বিভিন্ন প্রাইভেট শো থেকে।
ফোবর্সের তথ্য মতে, মার্কিন গায়িকা জেনিফার লোপেজ, লেডি গাগা, রিয়ান্না, কেটি পেরি, পিঙ্ক, আরিয়ানা গ্র্যান্ড, ‘অ্যাভেঞ্জার্স:এন্ডগেম’ অভিনেত্রী স্কারলেট জোহানসন, মার্শাল আর্ট তারকা জ্যাকি চ্যানের চেয়ে গতবছর বেশি টাকা আয় করেছেন অক্ষয়।