অসুস্থতার ছুটি না পেয়ে অফিসে এলেন নারী, কাজ করতে করতেই মৃত্যু

অসুস্থতা না সারায় একদিন বেশি ছুটি চেয়েছিলেন এক নারী কর্মী। ম্যানেজার ছুটি মঞ্জুর না করায় বাধ্য হয়ে কাজে আসেন পরদিন। এদিন কাজ শুরু করার মাত্র ২০ মিনিটের মধ্যেই ঢলে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। খবর ব্যাংকক পোস্টের।

ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের সামুত প্রাকান প্রদেশের ব্যাং পু ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি ইলেকট্রনিক্স প্ল্যান্টে। ৩০ বছর বয়সী ওই নারী কর্মীর নাম মে। 

মে'র এক সহকর্মী জানিয়েছে, পাকস্থলীর জটিলতায় হাসপাতালে ভর্তি থাকতে হয় তাকে। গত ৫ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি অসুস্থতার জন্য ছুটি নেন। কিন্তু সুস্থবোধ না করায় আরও দুদিন ছুটি কাটান তিনি। পরবর্তীতে ছুটি আরও বর্ধিত করতে চাইলে মেনে নেননি অফিসের ম্যানেজার। তিনি ওই নারী কর্মীকে অফিসে আসতে বলেন এবং অতিরিক্ত কাটানো ছুটির জন্য আরেকটি মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশনা দেন। 

চাকরি হারানোর ভয়ে অসুস্থতা নিয়েই গত ১৩ সেপ্টেম্বর কাজে যোগ দেন ওই নারী। ২০ মিনিট পরেই কাজ করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানান সহকর্মীরা। 

ডেলটা ইলেকট্রনিকস ওই নারীর মৃত্যুতে তাদের ফেসবুক পেজে সমবেদনা প্রকাশ করে লিখেছে, ‘আমরা আমাদের সহকর্মীকে হারিয়ে মর্মাহত। কঠিন সময়ে তার পরিবারের পাশে থাকার বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’ 

তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।