কুমিল্লায় যৌথবাহিনী অভিযানে অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার 

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ জালাল উদ্দিন প্রকাশ সজিব (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা মুন্সি বাড়ির আবদুল হাইয়ের ছেলে। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ওসি এ.টি.এম. আক্তার উজ জামান। গ্রেপ্তারকৃত সজিব যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম জালাল উদ্দিন প্রকাশ সজিবের বাড়িতে অভিযান চালায়। এ সময় যৌথবাহিনী তাকে আটক করলে স্বীকারোক্তি মোতাবেক সজিবের গোয়াল ঘর থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, দু’টি দেশীয় এক নলা বন্দুক, শর্টগানের কার্তুজ দু’টি, রাবার কার্তুজ একটি, একটি বড় কাটার, পাঁচটি দেশীয় দা, দামা, ছুরি, একটি পিস্তলের ম্যাগাজিন, এয়ারগানের ১৩৬টি কার্তুজ, ৩০টি ফয়েল পেপার ও ৭৫০ গ্রাম বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। পরে তাকে অস্ত্রসহ চৌদ্দগ্রাম থানায় সোর্পদ করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি এ টি এম আক্তার-উজ-জামান বলেন, বিপুল পরিমাণ অস্ত্রসহ যৌথবাহিনী জালাল উদ্দিন প্রকাশ সজিব নামের এক যুবককে গ্রেপ্তার করে থানায় সোর্পদ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।