স্বামীর জন্মদিনে ভক্তদের রিটার্ন গিফট দিলেন আলিয়া

বলিউড অভিনেতা রণবীর কাপুর জীবনের আরও একটি বসন্ত পার করে ফেললেন। ১৯৮২ সালের ২৮ সেপ্টেম্বর জন্মেছিলেন হিন্দি ছবির এই সুপারস্টার। বাবা হওয়ার পর এটি তার দ্বিতীয় জন্মদিন।

স্বামীর জন্মদিনে ভক্তদের রিটার্ন গিফট দিয়েছেন অভিনেত্রী স্ত্রী আলিয়া ভাট। রণবীরের ৪২তম জন্মদিন উপলক্ষ্যে মেয়ে রাহার সঙ্গে কাটানো মিষ্টি ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। 

মেয়ে অন্তপ্রাণ রণবীর, প্রতি ছবিতেই সেই ঝলক স্পষ্ট। একটা সময় বলিউডের ক্যাসানোভা হিসেবে পরিচিত এই অভিনেতা এখন পুরোদস্তুর ফ্যামিলিম্যান। তার নিখুঁত পারিবারিক জীবনের ঝলক উঠে এসেছে প্রত্যেক ছবিতে।

রণবীরের জন্মদিনে মেয়ে রাহার সঙ্গে কাটানো মিষ্টি ছবিগুলো শেয়ার করেন আলিয়া। ছবি: সংগৃহীত

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, তারা তিনজনই একটি গাছকে আলিঙ্গন করছেন, রণবীরের চোখ রাহার দিকে, ক্যামেরায় তাকিয়ে আছেন তারকাকন্যা, বাবা-মেয়ের সেই মুহূর্ত দেখে হাসছেন আলিয়া। 

দ্বিতীয় ছবিতে রণবীরের কোলে শিশু রাহাকে বিদেশের রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে। তৃতীয় ছবিতে, রণবীরের কোলে বসে হাসছেন আলিয়া। আবছা, অস্পষ্ট সেই ছবিতেও দুজনের রসায়ন ঠিকই বোঝা যাচ্ছে।

অন্য একটি ছবিতে রাহাকে একটি ঘোড়ার আস্তাবল ঘুরে দেখাচ্ছেন রণবীর। শেষ ছবিতে নায়কের গত রাতের জন্মদিনের পার্টির একটি ছোট ঝলক দেখা যায়।

মেয়ে রাহার সঙ্গে রণবীর ও আলিয়া। ছবি: সংগৃহীত 

আলিয়া পোস্টটির ক্যাপশনে লিখেছেন, ‘কখনও কখনও আপনার যা দরকার তা হল একটি বিশাল আলিঙ্গন এবং আপনি জীবনটাকে জীবনের মতো উপভোগ করা শুরু করেন। শুভ জন্মদিন বেবি।’ 

করণ জোহর, গুনীত মোঙ্গাসহ আরও বেশ কয়েকজন সেলিব্রিটি রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘আহা দিনের সেরা ছবি।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় অভিনেতা।’

রণবীর, আলিয়া এবং রাহা সম্প্রতি প্যারিসে ছিলেন। যেখানে আলিয়া লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে প্রথমবারের মতো ব়্যাম্পে হাঁটেন। বুধবারই মুম্বাই ফেরেন তারা।

রণবীরের কোলে মেয়ে রাহা। ছবি: সংগৃহীত 

পাপারাজ্জিদের তোলা ভিডিওতে দেখা যাচ্ছে, শহরে ফেরার পথে মেয়ের সঙ্গে বিমানবন্দরে আলিয়া ও রণবীর। তাদের সঙ্গে যোগ দেন নীতু কাপুরও। 

এদিন সোশ্য়াল মিডিয়ায় আরও একটা সুখবর শেয়ার করেছেন নীতু কাপুর। অভিনয়ের পাশাপাশি এবার উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রণবীর। নিজের জুতার ব্র্যান্ড শুরু করেছেন নায়ক। যার নাম ‘আরকেস’। তারই অফিসিয়্যাল অ্যাকাউন্ট সামনে এল আরকে-র জন্মদিনে। 

রণবীরকে আগামিতে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে।