আশুলিয়ায় ১৬ কারখানায় ছুটি ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ 

সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও বেতন বৃদ্ধিসহ শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লুসাকা কারখানার শ্রমিকরা। পরে তাদের সঙ্গে মণ্ডল গ্রুপ ও ম্যাংগো ট্যাক্সের শ্রমিকরাও যোগ দেয়। এর ফলে শনিবারও শিল্পাঞ্চলে ১৬টি কারখানা বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় ১০টি কারখানা বন্ধ রয়েছে এবং বাকি গুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ জানায়, সকালে লুসাকা গ্রুপের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরুর পর জিরাবো এলাকার মণ্ডল নীটওয়্যার লিমিটেডের শ্রমিকরাও সড়কে নেমে এসে আন্দোলন শুরু করে। মণ্ডল গ্রুপের শ্রমিকরা গত কয়েকদিন ধরে নূন্যতম মজুরি ২২ হাজার টাকার দাবিতে আন্দোলন করছিলো। শনিবার এদের সঙ্গে আরও কয়েকটি কারখানার শ্রমিকরা যুক্ত হয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে।

লুসাকা গ্রুপের শ্রমিকরা জানায়, গত ৯ সেপ্টেম্বর মালিকপক্ষ কারখানার ২৭ জন শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে। পরে শ্রমিকরা মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করলে, গত বৃহস্পতিবার কারখানা খুলে দেওয়ার পর মালিকপক্ষ মামলা প্রত্যাহার করে আমাদের হাতে কপি দিবে বললেও আর তা দেয়নি। সকালে কারখানায় এসে দেখি মালিকপক্ষ শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করেছে। পরে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে আশেপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের বের করে এনে শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারসহ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। 

মণ্ডল নীটওয়্যার লিমিটেডের আন্দোলনরত এক শ্রমিক জানান, বেতন বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে আমরা আন্দোলন করছিলাম। এর মধ্যে শনিবার কারখানায় এসে দেখি মালিকপক্ষ ১৩(১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করেছে। এর প্রতিবাদেই আমরা আন্দোলন করছি।

এদিকে শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ কারখানার মধ্যে রয়েছে লুসাকা গ্রুপের বেক নীটওয়্যার লিমিটেড, বেক সোয়েটার লিমিটেড, মণ্ডল নীটওয়্যার লিমিটেড, এনভয় গ্রুপের এনভয় ফ্যাশন লিমিটেড, এনভয় ডিজাইন লিমিটেড, আঞ্জুমান ডিজাইন লিমিটেড, দ্য রোজ ড্রেসেস লিমিটেড।

এছাড়া স্ব-বেতনে কারখানা ছুটি আছে, কাজ বন্ধ আছে কিংবা শ্রমিকরা চলে গেছে এমন কারখানার মধ্যে রয়েছে ম্যাংগোটেক্স লিমিটেড, গোরিয়াস সান ফ্যাশন, সাউদার্ন গার্মেন্টস লিমিটেড, টেক্সটাউন লিমিটেড, জেনারেশন নেক্স, স্কাইলাইন গার্মেন্টস লিমিটেড, স্কাইলাইন অ্যাপারেলস লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস, নিউএইজ গার্মেন্টস, সিডকো লিমিটেড কারখানা।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের আন্দোলনের ফলে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় ১০টি কারখানা বন্ধ রয়েছে এবং কয়েকটি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।