পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৬

পাকিস্তানের পাঞ্জাবে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত ও ৭৯ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাঞ্জাবের রহিম ইয়ার খান জেলার সাদিকাবাদের ওয়ালহার রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটেছে। খবর ডন নিউজ ও রয়টার্সের

প্রাথমিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে কর্মকর্তারা জানিয়েছেন, সিগন্যাল চেঞ্জের সময় যাত্রীবাহী আকবর এক্সপ্রেস ট্রেনটি লুপ লাইনে ঢুকে পড়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনটিকে আঘাত করে। এতে যাত্রীবাহী ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং বহু যাত্রী হতাহত হয় ও বগিগুলোতে আটকা পড়ে। আকবর এক্সপ্রেস লাহোর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় যাচ্ছিল। ক্ষতিগ্রস্ত ট্রেনটির সব যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে এবং লাইন পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। উদ্ধার কর্মীদের পাশাপাশি পুলিশ ও পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে সহায়তা করছেন বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নিহতদের প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ রুপি ও আহতদের প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।