চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর নিপীড়নে ২২ দেশ নিন্দা জানিয়েছে। বুধবার জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তাদের কাছে এক লিখিত বক্তব্যে দেশগুলোর পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানো হয়। লিখিত বক্তব্যে তারা চীনের এ ধরনের আচরণের গভীর সমালোচনা করেন। তারা অবিলম্বে সেখানে যে আটক কেন্দ্র রয়েছে তা বন্ধের দাবি জানান। অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি ও জাপানসহ মোট ২২টি দেশের রাষ্ট্রদূত জাতিসংঘের মানবাধিকার পরিষদের হাইকমিশনার মিশেল ব্যাচলেটের কাছে ঐ চিঠি দিয়ে এর নিন্দা জ্ঞাপন করেন। চিঠিতে উইঘুর মুসলিমদের নানা অজুহাতে আটক রাখার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া অন্যান্য সংখ্যালঘুর অধিকার ও স্বাধীনতা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। — নিউ ইয়র্ক টাইমস