টানা বৃষ্টিপাত ও পার্শ্ববর্তী এলাকা থেকে আসা পানিতে সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ১৭টি গ্রামই পানির নিচে তলিয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ৩ হাজারের অধিক পরিবার। বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল তেঁতুলিয়া ইউনিয়নের জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, এই ইউনিয়নটি ১৭টি গ্রাম নিয়ে গঠিত। সব কয়টি গ্রামই পানির নিচে নিমজ্জিত হয়ে পড়েছে। কৃষকদের ফসল পানির নিচে থাকায় পচন ধরতে শুরু করেছে। বিশেষ করে টানা বর্ষণের ফলে তেঁতুলিয়া ইউনিয়নের মধ্যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিরাশুনী, লাউতাড়া, পাঁচরোখি, শুভাষিনী, মদনপুর, সুমজদিপুর গ্রাম। এছাড়া অন্যান্য গ্রামগুলোতে উঠান পর্যন্ত পানি উঠেছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলা সদরের সঙ্গে। কিছু কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ও বিদ্যুতের মিটার ছিঁড়ে পড়েছে।
এদিকে ধারাবাহিক বৃষ্টিতে বেসরকারি হিসেব অনুযায়ী প্রায় ১ হাজার মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। ইউনিয়ন জুড়ে প্রায় শতাধিক পোল্ট্রি খামার পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছেন খামারী শিরিনা বেগমসহ অনেকে।
অপরদিকে মসজিদ, মন্দির গীর্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ে পানি উঠেছে। এ বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালন নিয়েও শঙ্কায় আছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। পাশাপাশি ব্যাহত হচ্ছে ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান।
সুপেয় পানির অভাব দেখা দিয়েছে ইউনিয়ন জুড়ে। এলাকাজুড়ে পানি থাকায় স্যানেটারি ব্যবস্থায় পড়েছে বিরূপ প্রভাব। এছাড়াও বেড়ে গেছে চর্ম, ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগ।
পাঁচরোখি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, আমরা ত্রাণ চাই না, আমারা চাই পানি নিষ্কাশনের ব্যবস্থা।
কয়েকদিনের টানা বৃষ্টিকে এমন পরিস্থিতির মূল কারণ হিসেবে উল্লেখ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এই এলাকার পানি নিষ্কাশনের জন্য সাধারণত যশোরের কেশবপুর উপজেলার ভদ্রা নদী দিয়ে পানি সরবরাহ করা হতো। বর্তমানে ঐ এলাকার নননিয়া সুইস গেট পলিমাটিতে উঁচু হয়ে পানি সরতে পারছে না।
তিনি আরও বলেন, টানা বৃষ্টিপাতে এই ইউনিয়নের পানি নিষ্কাশন হয়নি। এখানকার পানি সরবরাহের জন্য পলিমাটি অপসারণ না করলে যৌক্তিক সমাধান হবে না। তিনি পানি উন্নয়ন বোর্ড ও বেসরকারি কয়েকটি সংগঠনের সঙ্গে এ বিষয়ে আলোচনা অব্যাহত রেখেছেন বলে জানান।
তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল জানান, রোববার বিকালে তেঁতুলিয়া ইউনিয়ন পরিদর্শন করা হয়েছে। পানি সরবরাহের প্রতিবন্ধকতা থাকলে দ্রুত সেগুলো অপসারণ করা হবে।