খুলনায় ট্রাক চাপায় ডুমুরিয়া থানার কনস্টেবল ফারজানা ইয়াসমিন (২৭) নিহত হয়েছেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরার মহাসড়কের গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন ও ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত ওসি এম এ হক।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত ওসি এম এ হক বলেন, সন্ধ্যায় ভাই নাঈমের মোটরসাইকেলে ৫ বছরের ছেলেকে নিয়ে খুলনা থেকে ডুমুরিয়ার উদ্দেশ্য রওনা দেন পুলিশ কনস্টেবল ফারজানা ইয়াসমিন। রাত ৮টার দিকে গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে একটি খুলনাগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে কনস্টেবল ফারজানা ঘটনাস্থলে নিহত হন। তবে সড়কের ডান দিকে পড়ার কারণে ফারজানার ভাই নাঈম ও ছেলে প্রাণে বেঁচে যান। নিহত পুলিশ কনস্টেবল ফারজানার বাড়ি সাতক্ষীরা সদরে।