ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শিশুদের নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
রোববার রাজধানীর কারওয়ান বাজারে কমিশনের সভাকক্ষে শিশুর অধিকার ও শিশুশ্রম-বিষয়ক কমিটির সভায় এই মন্তব্য করেন তিনি।
ড. কামাল উদ্দিন বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শিশুমৃত্যুর ঘটনাগুলো দুর্ভাগ্যজনক এবং মানবাধিকার লঙ্ঘন। রাষ্ট্রের দায়িত্ব ছিল সবাইকে নিরাপত্তা প্রদান করা, কিন্তু রাষ্ট্র তা করতে ব্যর্থ হয়েছে। এ ক্ষেত্রে প্রতিটি ঘটনা পৃথকভাবে গুরুত্ব দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘শিশুদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, তা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আহত শিশুদের তালিকা ও বিবরণ প্রস্তুত করে দ্রুত তাদের যথাযথ চিকিৎসা দিতে হবে।’
আন্দোলনে শিশুমৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে সভায় শোক প্রকাশ করা হয়। আলোচকরা এসব ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতের পাশাপাশি হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণসহ সার্বিক সহযোগিতা করার প্রস্তাব করেন।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ড. তানিয়া হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের সদস্য কংজরী চৌধুরী ও একশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির ছাড়াও ইউনিসেফ, আন্তর্জাতিক শ্রম সংস্থা, সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইনসিডিন বাংলাদেশ, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।