নাগেশ্বরীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একই সঙ্গে শিক্ষা, চিকিত্সা, প্রশিক্ষণ ও থেরাপিভিত্তিক সমন্বিত স্কুল গড়েছে একদল তরুণ। অটিজম, বুদ্ধিপ্রতিবন্ধিতা, আচরণগত সমস্যা, বিলম্বে কথা বলা, বিলম্বে বিকাশ, সেন্সরি ডিসঅর্ডার, সেরিব্রাল পালসি, ডাউন সিন্ডোম, অতি চঞ্চল ও অস্থিরতায় আক্রান্ত এসব শিশুকে যতটা সম্ভব স্বাভাবিক জীবনে ফেরাতে চায় তারা। যদিও তাদের সুস্থ করে সমাজের মূল জনস্রোতের সঙ্গে সম্পৃক্ত করা অনেকটা কষ্টসাধ্য তারপরেও তাদের চেষ্টা অবিরাম। কুড়িগ্রাম জেলায় এ জাতীয় একমাত্র এ শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম সুখাতী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়। সেখানে ১১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে দেওয়া হয় অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি, স্পিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সেন্সরি ইনটিগ্রেশন থেরাপি, সাইকোলজিক্যাল থেরাপি, মিউজিক থেরাপি, ড্যান্স ও ইয়োগা থেরাপি, আর্ট থেরাপি, গ্রুপ থেরাপি।