চট্টগ্রামে নার্সিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

কেন্দ্র ঘোষিত চার দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা, ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রাখার কর্মসূচি ছয় দিন অতিবাহিত হয়েছে। তারা এর মধ্যে সংবাদ সম্মেলনও করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নার্সিং পড়ুয়াদের সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমেদ খান। তিনি বলেন, বাস্তবসম্মত দাবি নিয়ে গত শনিবার থেকে সারাদেশের নার্স পড়ুয়ারা আন্দোলন করে যাচ্ছে। কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি আরো বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা। পাশাপাশি নতুনভাবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো- নতুন পাঠদান পদ্ধতি রিভিউ ও পুরাতন পদ্ধতি বহাল, পেশাগত বিসিএসের মাধ্যমে নিয়োগ ও কর্মপদ্ধতি নির্ধারণ, ইন্টার্নভাতা ৬ থেকে ২০ হাজার টাকায় উন্নীত, নার্সিং কলেজসমূহকে পূর্ণাঙ্গ করা।