দৈনিক কালবেলা ও যায়যায়দিন পত্রিকার সাংবাদিকদের হেনস্থা করা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নাজিরপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন মিয়াকে বদলি করা হয়েছে। তার নতুন কর্মস্থল শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলায়।
এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন স্বাক্ষরিত ২৬ সেপ্টেম্বর তারিখের এক পত্রে তাকে এ বদলীর আদেশ দেওয়া হয় বলে এক খুদে বার্তায় নিশ্চিত করেছেন এলজিইডির পিরোজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রণজিত দে।
জানা গেছে, ২০২২ সালে ২৬ জুন সাংবাদিক উথান মন্ডল ও মশিউর রহমান উপজেলা পরিষদ সীমানার মধ্যে নির্মাণাধীন অডিটরিয়ম ভবনের তথ্য চাইতে গেলে উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া তার অফিসের কেচিগেটে তালা মেরে (তার কক্ষ) দরজা বন্ধ করে দেন। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন ও প্রকৌশলী জাকির মিয়া তাদের দিকে পিস্তল তাক করে জীবননাশের হুমকি দেন এবং হেনস্থা করেন। এ নিয়ে নাজিরপুর থানায় অভিযোগ করতে গেলে তৎকালীন অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির মামলা না নিয়ে উল্টো ভয়-ভীতি প্রদর্শন করেন।
৫ আগস্টের পর এ নিয়ে মুখ খুলেন ওই দুই সাংবাদিক। এ ঘটনার প্রেক্ষিতে ২১ সেপ্টেম্বর বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
কলারদোয়ানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন বাহাদুর বলেন, ২০১৮ সালের পর থেকে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন মিয়ার আচরণ আওয়ামী লীগের সভাপতির মতো ছিল। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও বিভিন্ন সময় অসৌজন্যমূলক আচরণ করেছেন।
এলজিইডির পিরোজপুর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রঞ্জীত দে বলেন, নাজিরপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাকির মিয়ার শাস্তিমূলক বদলি হয়েছে কিনা জানি না, তবে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত প্রক্রিয়াধীন। তাকে শরিয়তপুরের ডামুড্যা উপজেলায় বদলি করা হয়েছে