সংবাদ প্রকাশের জেরে পীরগাছায় সাংবাদিকের ওপর হামলা

সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন যুগান্তর পত্রিকার রংপুরের পীরগাছা প্রতিনিধি একরামুল ইসলাম। আহত ইকরামুল ইসলামকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় একরামুল ইসলাম বাদী হয়ে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী। এর আগে সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থানকালে হামলার শিকার হন তিনি। 

সাংবাদিক একরামুল ইসলাম জানান, গত ২১ সেপ্টেম্বর যুগান্তর পত্রিকায় ‘পীরগাছায় খাদ্যবান্ধব চাল বিতরণ নিয়ে সংশয়, বিএনপি নেতাদের পাহারা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। এর জেরে খাদ্য অফিস পাহারাদাররা বিভিন্ন সময়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছেন। এক পর্যায়ে সোমবার দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক একরামুল ইসলামকে ডেকে নিয়ে মারধর করেন পীরগাছা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সন্ত্রাসী রায়হান। পরে আহত সাংবাদিক একরামুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়। 

এ ঘটনায় পীরগাছায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা ওসি নুরে আলম সিদ্দিকীর সঙ্গে দেখা করে সন্ত্রাসী রায়হানসহ জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানান।

এদিকে সাংবাদিক একরামুলের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় সাংবাদিক একরামুল ইসলাম একটি অভিযোগ জমা দিয়েছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।