ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অপরাধে সঞ্জয় ঘোষ নামে এক কারিগরকে ভ্রাম্যমাণ আদালত এক বছর কারাদণ্ড প্রদান করেছেন। ঘটনাস্থলে উপস্থিত থেকে আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আশরাফুজ্জামান। বুধবার রাতে উপজেলার ছোট বিশাকোল গ্রাম থেকে নকল দুধ তৈরির সরঞ্জামসহ তাকে আটক করে থানা পুলিশ। আটককৃত সঞ্জয় বেড়া উপজেলার মালদহপাড়া গ্রামের বৃন্দাবন ঘোষের ছেলে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম বলেন, রাসায়নিক মিশ্রিত এসব ভেজাল দুধ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। পেটের পীড়া, ডায়রিয়ার পাশাপাশি ক্ষতিকর রাসায়নিক মেশানোর কারণে এসব দুধ খেয়ে কিডনি ও লিভার বিকল হওয়ার আশঙ্কা রয়েছে।
ভাঙ্গুড়া থানার ওসি মো. মাসুদ রানা বলেন, নকল দুধ তৈরির সরঞ্জামসহ কারিগরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ওই আদেশ দেন। বৃহস্পতিবার আটক সঞ্জয় ঘোষকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।