রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহে ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থী বাছাইয়ে সার্চ কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্যদের কমিটি গঠন করা হয়েছে। যুগ্মসচিব রুখসানা হাসিনকে এ পদে নিয়োগ দিয়ে ১০ জুলাই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এখনো অন্য দুই সদস্যের নাম জানানো হয়নি। সার্চ কমিটি গঠনসংক্রান্ত গত ৪ জুলাই জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি অন্য সদস্যদের মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকসমূহের একজন চেয়ারম্যান, যা সরকার মনোনীত করবে। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকসমূহের পরিচালনা পর্ষদের ডিজিটাল ব্যাংকিং বিষয়ে জ্ঞানসম্পন্ন এক জন পরিচালক, এটাও সরকার মনোনীত করবে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব এ কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। সার্চ কমিটি প্রতিটি ব্যাংকের জন্য তিন জন উপযুক্ত প্রার্থী বাছাই করবেন। পরে সরকার অনুমোদিত প্রার্থীকে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণক্রমে ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও পদে নিয়োগ দেবে।