হবিগঞ্জের মাধবপুরে বালুবোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণের ভারতীয় শাড়ী, থান কাপড় ও কসমেটিক্স জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে জব্দ করা হয় এসব মালামাল।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক মাধবপুর এলাকা দিয়ে বালুভর্তি ট্রাকে করে ভারতীয় চোরাই পণ্য যাচ্ছে। এরই প্রেক্ষিতে আনুমানিক রাত ৮টায় বিজিবির একটি টহলদল ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে বালুবোঝাই একটি ট্রাক আটক করে তল্লাশি করে। পরে বালুর নিচে লুকানো অবস্থায় ১৯০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, ২০ হাজার ৭৪১ মিটার বিভিন্ন প্রকার থান কাপড় এবং ১০ হাজার ৮৮২টি ক্রিম আটক করতে সক্ষম হয়। আটক মালামালের আনুমানিক বাজারমূল্য তিন কোটি পঞ্চাশ লাখ টাকা।
তবে এসব মালামাল পাচারকারীকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি।