ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় সাজেদা খাতুন এবং মারজিয়া আক্তারকে উন্নত চিকিত্সার জন্য ময়মনসিংহ হতে ঢাকায় আনা হয়েছে। এই দুই ফুটবলার বর্তমানে উন্নত চিকিত্সার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত এই দুই ফুটবলার প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে তাদেরকে গতকাল ঢাকায় আনা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি জানান শারীরিক অবস্থার পরিবর্তন হচ্ছে।
দুই ফুটবলার বাফুফের ক্যাম্পে থাকাকালীন জ্বরে পড়েন। তাদের রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু রোগের জীবাণু দেখা যায়। রিপোর্ট পাওয়ার আগেই অবশ্য দুই ফুটবলার চলে গিয়েছিলেন তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের কলসিন্দুরে। বাফুফে থেকে তাদের রক্তে ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে সেটা জানানোর পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।